সবজি ও কৃষিপণ্য ঢাকায় নেওয়ার জন্য চালু হওয়া ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ প্রথম দিনে কোনও পণ্য ছাড়াই দিনাজপুর থেকে ছেড়ে গেছে। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার দর নিয়ন্ত্রণে চালু হয়েছে এই ট্রেন। বৃহস্পতিবার সকাল ১০টা ৩৯ মিনিটে ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে ট্রেনটি ছাড়ার সঠিক সময় ছিল ৯টা ৫৭ মিনিট।
রেলওয়ে সূত্রে জানা যায়, সবজির বাজারের পরিধি বাড়াতে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশন সূত্রে জানা গেছে, প্রতি বৃহস্পতিবার সকাল ৭টায় পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনটি যাত্রা করবে। নির্ধারিত দিনে সকাল ৯টা ৫৭ মিনিটে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে ট্রেনটি।
রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, সকাল ৯টা ২৬ মিনিটে এই ট্রেনটি পঞ্চগড় থেকে দিনাজপুরে পৌঁছায়। ট্রেনটিতে কৃষিপণ্যের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্পেশাল বগি রয়েছে। কিন্তু এদিন এই ট্রেনে করে সবজি কিংবা কোনও কৃষিপণ্য ঢাকায় যায়নি।
এ বিষয়ে দিনাজপুর স্টেশন সুপার জিয়াউর রহমান বলেন, ‘উত্তরাঞ্চলের বিভিন্ন সবজি ঢাকায় নেওয়ার জন্য ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ সার্ভিসের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বৃহস্পতিবার এই বিশেষ ট্রেনটি পঞ্চগড় থেকে সকাল ৭টায় যাত্রা শুরু করবে। ট্রেনটি সকাল ৯টা ২১ মিনিটে দিনাজপুর স্টেশনে পৌঁছাবে, ৯টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথম দিনে কোনও কৃষকের সাড়া পাওয়া যায়নি।
‘আমরা আশা করছি, আগামী বৃহস্পতিবার থেকে কৃষকেরা বুকিংয়ের মাধ্যমে তাদের উৎপাদিত সবজি ও কৃষিপণ্য এই বিশেষ ট্রেনের মাধ্যমে ঢাকায় পাঠাবেন। এই বিশেষ ট্রেনে ফ্রিজিংয়ের ব্যবস্থা রয়েছে– যেখানে সবজি ছাড়াও দুধ বা মাছ-মাংসজাতীয় পণ্য কোনও ধরনের সমস্যা ছাড়াই বহন করা যাবে।’
কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি দিনাজপুর, জয়পুরহাট ও গাজীপুর হয়ে বিভিন্ন স্টেশনে থেমে রাত সোয়া ১০টার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কথা আছে।
এই ট্রেনটি মঙ্গলবার খুলনা, বৃহস্পতিবার পঞ্চগড় ও শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় কৃষিপণ্য নিয়ে যাতায়াত করবে। এই ট্রেনে প্রতি কেজি সবজি ও কৃষিপণ্য বহনে ১ টাকা ০৮ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৪৭ পয়সা খরচ পড়বে। এতে খুশি ব্যবসায়ীরা। প্রথম দিন খুলনা থেকে ৭টি বগিতে ৬৪০ কেজি পণ্য নিয়ে ছেড়ে গেছে বিশেষ ট্রেন। এই ট্রেনের মাধ্যমে প্রতিদিন ১২০ টন পণ্য আনা নেওয়ার সুবিধা মিলবে।