সুন্দরবনে দস্যুদের কবল থেকে ১০ জেলেকে উদ্ধার

সাতক্ষীরার পশ্চিম সুন্দদরবনে বন বিভাগের অভিযানে বনদস্যু বাহিনীর কবল থেকে ১০ জেলেকে উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ২টার দিকে বুড়িগোয়ালিনী ও কদমতলা বন স্টেশনের যৌথ অভিযানে সুন্দরবনের তক্তাখালী থেকে ওই জেলেদের উদ্ধার করা হয়।

এ সময় বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে বনদস্যু বাহিনী গুলি ছোড়ে। পাল্টা ৫ রাউন্ড গুলি ছোড়েন বন বিভাগের সদস্যরা। একপর্যায়ে বনদস্যু বাহিনী পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি, একটি সোলার প্যানেল ও তিনটি নৌকা উদ্ধার করে অভিযানিক দল।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- উপজেলার চুনকুড়ি গ্রামের দাউদ গাজীর ছেলে আলিম গাজী, বাহার আলী সরদারের ছেলে নূরুল ইসলাম, আলিম গাজীর ছেলে রবিউল ইসলাম, হরিনগর গ্রামের ফজলে সানার ছেলে হাফিজুর রহমান, খলিলুর রহমানের ছেলে মফিজুর রহমান, মৃত ইমান আলী সানার ছেলে মুছাক সানা, ছোট ভেটখালী গ্রামের মজিদ গাজীর ছেলে শফিকুল গাজী, বড়ভেটখালী গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে নজরুল ইসলাম এবং দুরমুজখালী গ্রামের লিয়াকত মল্লিকের ছেলে রফিকুল মল্লিক।

বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান বলেন, সুন্দরবনে বনদস্যু বাহিনীর উপস্থিতি জেলেদের মাধ্যমে জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় গোলাগুলি হলে দস্যুরা পালিয়ে যায়। পরে ১০ জেলেকে উদ্ধার করা হয়।