ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা খাতুন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।
আনোয়ারা টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
সোমবার (১১ নভেম্বর) বিকালে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান। তিনি বলেন, ‘আনোয়ারা ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ অবস্থায় তিনি রক্তের ইনফেকশনসহ ফুসফুসের সংক্রমণে (নিউমোনিয়া) ভুগছিলেন। সোমবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ২১ জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছেন ৪৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ১২ জন। সবাইকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।