পাচারের তিন বছর পর ভারত থেকে দেশে ফিরলো শিশুসহ ১২ বাংলাদেশি। মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত আসা বাংলাদেশিরা হলো, রনি (১৭), বিনয় সিকদার (১৪), ইমন সরকার (১৮), বাধন বড়ই (১৫), আলামিন (১৬), সুমন (১৯), সবুজ (১৪), মাজহারুল ইসলাম (১৭), ছাব্বির হোসেন (১৬), শিল্পী আক্তর (২০), শিরিনা বেগম (৪২) ও রিয়া খান (৫)।
এদের বাড়ি গোপালগঞ্জ, বরিশাল, যশোর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল্লাহীল ওয়াফী জানান, ফেরত আসা বাংলাদেশিদের এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা সমন্বয়কারী কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, ফেরত আসা কিশোর ও নারী শিশুদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় তবে তাদের আইনি সহয়তা দেওয়া হবে।
/এসটি/