চট্টগ্রামে চাঁদাবাজচক্রের হোতা জানে আলম গ্রেফতার

চট্টগ্রামের রাউজান উপজেলার শীর্ষ সন্ত্রাসী ফজল হকের ভাই ১০ মামলার আসামি জানে আলম যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টায় নগরীর কোতয়ালি থানাধীন চেরাগী পাহাড় মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চট্টগ্রামের রাউজান এবং রাঙ্গুনিয়া থানা এলাকার চাঁদাবাজচক্রের মূল হোতা জানে আলম। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।’

জানে আলম রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়ার আবদুস সালামের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকায় ফিরে এসে চাঁদাবাজিসহ ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ আছে।

র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাউজান থানার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা জানে আলম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। গত ১০ অক্টোবর মোহাম্মদ কামাল উদ্দিন নামে এক ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে হুমকি ও অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে জানে আলম তাকে মারধর করেন। ভিকটিমের চিৎকার শুনে তার ভাই আজিম এগিয়ে এলে সন্ত্রাসী জানে আলম তাকেও লোহার রড দিয়ে গুরুতর আঘাত করে পালিয়ে যান।

এ ঘটনায় ভিকটিম মোহাম্মদ কামাল উদ্দিন বাদী হয়ে রাউজান থানায় জানে আলমকে প্রধান এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী জানে আলমের বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টা সংক্রান্ত ১০টি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে জেলার রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।