সিটিজেনস ফোরাম কমিউনিটি পুলিশের নতুন রূপ: সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেছেন, ‘সিটিজেনস ফোরাম কমিউনিটি পুলিশের নতুন রূপ। বরং কমিউনিটি পুলিশিং ব্যবস্থা থেকে এর ব্যাপ্তি আরও বেশি।’ রবিবার (৮ ডিসেম্বর) বিকালে নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে আয়োজিত এক অনুষ্ঠানে ‘সিটিজেনস ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, ‘সিটিজেনস ফোরামের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে কীভাবে পুলিশি সেবার উন্নতি করা যায়, কোথায় কোথায় উন্নতি করা যায়, কী কী সেবা দেওয়া যায়, কোন কোন নতুন সেবা দেওয়া যায় তা ঠিক করবেন। সমাজে যাদের দাঁড়ানোর জায়গা নেই এই ফোরামের সদস্যরা তাদের পাশে দাঁড়াবেন।’

তিনি আরও বলেন, ‘এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই ফোরামে দল-মত নির্বিশেষে সমাজের সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের প্রতিনিধিত্ব থাকবে।’

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরের ৮৬, কোতয়ালি থানার ৪৫, সদরঘাট থানার ৫০, চকবাজার থানার ৫০, বাকলিয়া থানার ৪১, খুলশী থানার ৫৩, বায়েজিদ থানার ৫১, পাঁচলাইশ থানার ৪২, চান্দগাঁও থানার ৩৫, পাহাড়তলী থানার ৩৬, আকবরশাহ্ থানার ৪৫, হালিশহর থানার ৫৮, ডডবলমুরিং থানার ৪৯, বন্দর থানার ৩৭, ইপিজেড থানার ৩৬, পতেঙ্গা থানার ২৯ ও কর্ণফুলী থানার ৩১ সদস্যের কমিটি ঘোষিত হয়।

গঠিত কমিটিগুলোতে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সিএমপির উপ-কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (সদর) এসএম মোস্তাইন হোসেন, সিটজেনস ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ মশিউল আলম স্বপন ও সদস্যসচিব ডা. আবু নাছেরসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।