চোরাকারবারিদের ধরতে গিয়ে সিলেটের গোয়াইনঘাটের দমদমীয়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা হামলার শিকার হয়েছেন। হামলায় মাসুম বিল্লাহ নামে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় সোমবার (৬ জানুয়ারি) রাতে ৪৮ ব্যাটালিয়নের দমদমীয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে সিলেটের গোয়াইনঘাট অভিযোগ দায়ের করেন। পুলিশ মঙ্গলবার (৭ জানুয়ারি) অভিযোগটি নথিভুক্ত করে। মামলায় ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘দমদমীয়া সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য মাসুম বিল্লাহ গুরুতর আহত হয়েছেন। পুলিশ হামলায় জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, চোরাকারবারিদের ধরতে সোমবার রাত সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নে দমদমীয়া সীমান্তে ভীতরগুল নামক স্থানে অভিযান চালায় বিজিবি। চোরাচালানিরা ভারত থেকে সীমান্তের চোরাইপথে গরু নিয়ে আসছিল। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে ৪০ থেকে ৫০ চোরাকারবারি অতর্কিত বিজিবি সদস্যদের ওপর পাথর ছুড়তে থাকে। ধারালো দা দিয়ে বিজিবি সদস্য মাসুম বিল্লাহর বাঁ হাতের কবজির নিচে কোপ দেয়। চোরাকারবারিরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
অভিযানে দুটি ভারতীয় গরু আটক করা হয়। গুরুতর আহত বিজিবি সদস্য মাসুম বিল্লাহকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।