গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজেলার গোপিনাথপুর-কোটাখোল সড়কের জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর মন্দিরের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো– সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৫) এবং পলাশ শেখের ছেলে মাহিম শেখ (১৬)। বাঁধন স্থানীয় ইউনাইটেড একাডেমি উচ্চবিদ্যালয় এবং মাহিম স্থানীয় শেখ পাচুড়িয়া আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
সদর থানার ওসি মীর মোহাম্মাদ সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতরা ইছাখালি থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। তারা দুজনই অল্পবয়সী। তাদের মোটরসাইকেল চালানোর কোনও দক্ষতা ও ড্রাইভিং লাইসেন্স নেই। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পথে দুজনই মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’