কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে একটি জি-৩ রাইফেল, একটি কিরিচ ও নৌকা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২০ জানুয়ারি) রাত ৮টায় টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান (পিএসসি)।
তিনি জানান, সোমবার রাতে সাবরাং খুরেরমুখ চেকপোস্টের জওয়ানরা বঙ্গোপসাগরের কিনারায় মিঠাপানির ছড়া এলাকায় টহলকালে কয়েকজনকে সন্দেহ হয়। টহল দল জিজ্ঞাসাবাদের জন্য অগ্রসর হলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একটি কাঠের তৈরি নৌকায় তল্লাশি চালিয়ে একটি স্বয়ংক্রিয় জি-থ্রি রাইফেল, একটি কিরিচ উদ্ধার করে নৌকাটি জব্দ করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার অস্ত্র টেকনাফ মডেল থানায় এবং নৌকাটি শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।