চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পৃথক দুই মামলায় দুদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে বুধবার সকালে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় সাবেক এই এমপি’কে আদালতে হাজির করা হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকালে সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আদালতে হাজির করা হয়। লোহাগাড়া ও সাতকানিয়া থানায় দায়ের করা বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় পুলিশ তিন দিন করে রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় দুদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
গত ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে নদভীকে গ্রেফতার করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকায় শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে একদিনের রিমান্ডে নেওয়া হয়।
১৭ ডিসেম্বর রিমান্ড শেষে নদভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।
আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে পরাজিত হন।