গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১০টায় ঢাকা-রাজশাহী রেললাইনের গাজীপুর মহানগরীর আমবাগ (খোলাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিণাচালা (হাউজিং) এলাকার হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান রিপন (৪৫) এবং একই এলাকার সালাহ উদ্দিন সিদ্দিকীর ছেলে মাহমুদুল হাসান চঞ্চল (৩৮)।
মৃত রিপন ঝুট ব্যবসা এবং চঞ্চল একটি হাসপাতালে পরিচালনার দায়িত্বে ছিলেন।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাদির উজজ্জামান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, দুই ব্যবসায়ী মোটরসাইকেলে কোনাবাড়ী থেকে কালিয়াকৈরের সাকাশ্বর এলাকায় যাচ্ছিলেন। গাজীপুর মহানগরীর আমবাগ (খোলাপাড়া) এলাকায় ঢাকা-রাজশাহী রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।