পঞ্চগড়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটাই অবলম্বন আছে তা হলো, গুজব। তারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান দেওয়ার সময় আমাদের নেই।’
তিনি শনিবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভলপমেন্ট ইয়ুথ সামিট সিজন-৩ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় সারজিস বিগত সরকারের গুজবের ব্যাপারে সতর্ক করে বলেন, ‘তারা (আওয়ামী লীগ) গুজব নামের খুঁটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মাঝে বিভাজন করতে চাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে।’
স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট অনুষ্ঠানে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার গণঅভ্যুত্থানের সামনের সারিতে ছিল মেয়েরা। আগামীর বাংলাদেশ গড়ার সামনের সারিতেও থাকবে মেয়েরা এবং মেয়ে-ছেলে যাই বলি না কেন, দিন শেষে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের জায়গা থেকে নিজের যা কাজ তা করা। তাই আগামীর বাংলাদেশ গড়তে সবার পাশাপাশি তরুণদের নিয়ে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, স্বপ্নপূরণ অর্গানাইজেশনের মখলেছার রহমান মুন্না প্রমুখ। এ সময় বেলুন উড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা।
অনুষ্ঠানে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।