কুমিল্লায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনীর একটি দল। রবিবার দুপুরে তাদের কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। সন্ধ্যায় বিষয়টি জানান ওই থানার ওসি মো. মহিনুল ইসলাম।
জানা যায়, কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি দল শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার ও কিশোর গ্যাং গ্রেফতারে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, তিনটি শটগান, ৯ রাউন্ড শটগানের বুলেট, ৪ রাউন্ড পিস্তল ও রিভলবারের বুলেটসহ বেশ কিছু দেশি অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন– নগরীর ঝাউতলা এলাকার নাইমুল ইসলাম নাঈম (৩৬), জাবেদুর রহমান (২৯), কালিয়াজুড়ির আবির হামিদ মাহি (২১), রাকিব (২১), ছোটরা এলাকার সাজিদুল ইসলাম (২১), মোহাম্মদ আলী (২৪), সাব্বির হোসেন (২১), ধর্মসাগর পাড় এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), অপু (৪২) ও বুড়িচংয়ের সাদকপুর এলাকার আবুল খায়ের (৩৯)।
কোতয়ালি মডেল থানার ওসি জানান, গ্রেফতার ১০ জনকে আদালতে সোপর্দ করার পর জামিন মঞ্জুর না করে জেল হাজতে পাঠানো হয়।