সরকারি চাল ও আটার মোড়ক পাল্টে বিক্রির প্রস্তুতির সময় জব্দ

দুস্থদের জন্য বরাদ্দ সরকারি ওএমএসের এক টন আটা এবং দেড় টন চাল মোড়ক বদল করে বাজারে বিক্রির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে। এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর শহরের পাটুয়াপাড়া এলাকায় প্রশাসন এবং খাদ্য বিভাগ অভিযান চালিয়ে এসব চাল ও আটা জব্দ করে।

দিনাজপুর জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ জানান, সরকারি আটা ও চাল অবৈধভাবে মজুত এবং বস্তা বদল করে বাজারে বিক্রির প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়ে দিনাজপুর শহরের পাটুয়াপাড়া নামক এলাকায় অভিযান চালায় খাদ্য বিভাগ ও প্রশাসন। ওই এলাকার মুক্তার হাসানের ছেলে রানার (৩৫) বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির ভেতরে থাকা একটি গুদাম থেকে প্রায় এক টন আটা এবং প্রায় দেড় টন চাল উদ্ধার করা হয়। ওই গুদামে ৫০ কেজি ওজনের ১৯টি আটার বস্তা, ৫০ কেজি ওজনের চালের ১০টি বস্তা, ২৫ কেজি ওজনের চালের ৩৮টি বস্তা এবং ৩০ কেজি ওজনের চালের তিনটি বস্তায় এসব মজুত করা হয়েছিল। পরে এসব মালামাল জব্দ করে নিয়ে আসা হয়। তবে এই ঘটনার সঙ্গে জড়িতরা আগেই পালিয়ে গেছে।

এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।