তথ্য দিতে চায় না পটুয়াখালী সড়ক বিভাগ, নেওয়া হয় না আবেদন

নিয়ম মেনে তথ্য অধিকার অনুযায়ী তথ্য চাইলেও সাংবাদিকদের তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে পটুয়াখালী সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, তথ্য অধিকার আইনে নির্ধারিত আবেদন ফরমে তথ্য চাইলেও পটুয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী হামিল আক্তার লিমনের নির্দেশে আবেদনপত্র গ্রহণ করেননি কর্মচারীরা। 

সোমবার বেলা ১১টায় পটুয়াখালী সড়ক বিভাগের দ্বিতীয় তলায় বাংলা ট্রিবিউনের সাংবাদিক তথ্য চাইতে গেলে তার আবেদনপত্র গ্রহণ না করে ফিরিয়ে দেওয়া হয়। এর আগেও দুবার আবেদনপত্র ফিরিয়ে দিয়েছেন তারা। 

এ সময় পটুয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী হামিল আক্তার লিমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এভাবে (তথ্য অধিকার আইনে) তথ্য দেওয়া যাবে না, ওপরের নিষেধাজ্ঞা রয়েছেন।’

কারা তথ্য দিতে নিষেধ করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের হেড অফিস থেকে বলা আছে কোনও অর্থবছরের ভেতরের তথ্য হলে দেওয়া যাবে। অ্যাকাউন্টসের লোক এসে গত অর্থবছরের সবকিছু অডিট করে ক্লোজ করেছে, সেখান থেকে তথ্য আমি দিতে পারি না।’

এর আগেও ২৯ জানুয়ারি তথ্য চাইতে গেলে আবেদনের ভিত্তিতে তথ্য না দিয়ে অফিস সহকারী আবদুল করিমের কাছে থেকে মৌখিকভাবে তথ্য নিতে বলেন নির্বাহী প্রকৌশলী হামিল।

পটুয়াখালী সড়ক অফিসের অফিস সহকারী আবদুল করিম বলেন, ‘সাংবাদিকের সামনেই স্যার নিষেধ করেছেন, এ জন্য রিসিভ কপি দেওয়া হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার বলেন, ‘তথ্য অধিকার আইনে তথ্য চাইলে অবশ্যই দিতে হবে। তবে কোনও তথ্যের বিষয়ে সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলে সেটি লিখিতভাবে জানাতে হবে।’