যানবাহনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চট্টগ্রামে দেড় ঘণ্টা সড়ক অবরোধ

যানবাহনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরের মুরাদপুরে সিডিএ অ্যাভিনিউ সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন টেম্পোচালকরা। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সড়কে এলোপাতাড়ি গাড়ি রেখে যান চলাচল বন্ধ করে দেন তারা। এ সময় আড়াআড়িভাবে একাধিক টেম্পো সড়কের মাঝখানে রেখে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় টেম্পোচালকদের। তারা টেম্পোর বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, পুলিশ মামলার নামে চালকদের হয়রানি করছে।

অবরোধ শুরু হওয়ার পর পুলিশ বিক্ষুব্ধ চালকদের সড়ক থেকে উঠে যাওয়ার জন্য দফায় দফায় অনুরোধ জানায়। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে তারা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল শুরু হয়। সড়ক বন্ধ থাকায় যানজট ও সাধারণ মানুষের মধ্যে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। মুরাদপুর থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়।

অবরোধকারীরা জানান, ট্রাফিক সার্জেন্টরা অতিরিক্ত মামলা দেওয়ায় তারা এই কর্মসূচি পালন করেছেন। বিশেষ করে পার্কিংয়ের মামলা দেওয়া হচ্ছে। মুরাদপুরসহ নগরের বেশির ভাগ মোড়ে কোনও পার্কিং নেই। এতে সড়কের পাশে দাঁড়িয়ে তাদের যাত্রীদের ওঠা-নামা করতে হয়। এ সময় সার্জেন্টরা মামলা দিচ্ছেন। একেকটি মামলা ৫ থেকে ৮ হাজার টাকার। আবার এসব মামলার টাকা গাড়ির মালিকরা দেন না। এগুলো চালকদের পকেট থেকে দিতে হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে তারা অবরোধে নামতে বাধ্য হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রমজান মাসে যানজট নিরসনে চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান চলছে। এতে অবৈধ পার্কিংসহ নানা অপরাধে ট্রাফিক পুলিশ মামলা দিচ্ছে। এর প্রতিবাদে মাহিন্দ্রচালকেরা সড়ক অবরোধ করেছিলেন। পরে আমরা বুঝিয়ে তাদের সরিয়ে দিয়েছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’