লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মাস্টার রুহুল আমিনসহ তিন জন গুরুতর আহত হয়েছেন।
কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার কমলনগর কলেজের সামনে প্রাইভেটকারের চাকা পিষ্ট হয়ে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে গেছে। আহতদের চিকিৎসার জন্য কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আকরাম হোসাইন বলেন, ‘জেলা জামায়াতের আমির রুহুল আমিন মাস্টার রামগতিতে সাংগঠনিক অনুষ্ঠানে যাওয়ার পথে তাকে বহনকারী প্রাইভেটকারের চাকা ফেটে গিয়ে চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। প্রাইভেটকারে থাকা তিন জনই গুরুতর আহত হন। রুহুল আমিনের হাত ও পা ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া জেলা জামায়াতের নায়েবে আমির জহিরুল ইসলাম এবং ওই কারের চালক জাকির হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
কমলনগর থানার ওসি জানান, ট্রাকটি আটক করে হেফাজতে রাখা হয়েছে।