ব্রাহ্মণবাড়িয়ায় ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরি বেড়েছে। জেলার নবীনগরে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে নবীগরন থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে নবীনগর পৌর এলাকার জমিদার বাড়ির বালুচর মাঠের একটি গুদামে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নবীনগর পৌর এলাকার জমিদার বাড়ির বালুর মাঠের পাশে আরফাতুল ইসলামের মালিকানাধীন গুদামে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর আগে পুলিশের অভিযানের খবরে আসামিরা সটকে পরে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘দীর্ঘদিন ধরে একাধিক চোরচক্র মোটরসাইকেল চুরি করে বেচাকেনা করছিল। এ ব্যাপারে পুলিশের কাছে স্পষ্ট তথ্য ছিল। আরফাতুল ইসলাম নামে একজন ছিল চোরচক্রের অন্যতম হোতা। তার বাড়ী নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে। অভিযান পরিচালনা করার সময় সে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ওসি।