টাকা নিয়ে বিরোধে যুবককে হত্যার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভেন্ডরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ মানিক (৩২)। তিনি পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মো. সৈয়দের ছেলে।

নিহত যুবকের ভাই মোহাম্মদ বাবুল জানান, তার ভাই মানিকের স্থানীয় মো. রাসেল (৩০) নামে এক ব্যক্তির কাছে এক লাখ টাকা পাওনা ছিল। পাওনা টাকা নিয়ে রাতে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এর একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। আহত অবস্থায় মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টার দিকে মানিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্থানীয় গ্রামবাসী জানিয়েছে, তারা উভয়ই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসার টাকার ভাগাভাগির জন্য এই হত্যার ঘটনা ঘটেছে ধারণা করছেন স্থানীয়রা। হত্যায় জড়িত রাসেল স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মনির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে রাসেল এবং অপর এক যুবকের হাতে মাদক ব্যবসায়ী মানিক ছুরিকাঘাতে গুরুতর জখম হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাত ২টায় মারা যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘গুরুতর আহত অবস্থায় মানিক নামে এক যুবককে আনোয়ারা উপজেলা থেকে আনা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’