নালিতাবাড়ীতে নির্বাচনি সহিংসতায় প্রার্থীর স্ত্রীসহ আহত ৫

শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনি সহিংসতায় ৫ জন আহত হয়েছেন। আজ ভোর রাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাঁও বাজারে এ সংঘর্ষ ঘটে।

বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম রিয়াজুল ও জাসদ মনোনীত প্রার্থী ফকর উদ্দিন নয়নের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেজাউল করিম ও তার স্ত্রীসহ দুই কর্মী আহত হয়েছেন। আহতদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, সোমবার ভোররাতে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম রিয়াজুল ও তার কয়েকজন কর্মী পাঁচগাঁও বাজারস্থ নির্বাচনি অফিস থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে জাসদ মনোনীত প্রার্থী ফকর উদ্দিন নয়ন ও তার কর্মীরা পথ রোধ করে নির্বাচনি প্রতীক মশাল দিয়ে আতর্কিত আক্রমণ করে তাদের আহত করে।

এদিকে বিএনপি প্রার্থীর পক্ষের কর্মীদের পাল্টা হামলায় জাসদ প্রার্থীর কর্মী নাজমুল (১৮) হোসেন আহত হয়েছে। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এসটি/