চট্টগ্রামের মীরসরাইয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩১ মার্চ) ঈদের দিন বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ঘটনার পর অভিযুক্ত দুলাল ড্রাইভারকে মঙ্গলবার দুপুরে উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
শিশুটির চাচা বলেন, ‘আমার বড় ভাই ও তার পরিবারসহ আমরা দুলাল ড্রাইভারের বাড়িতে টিনশেড ঘরে ভাড়া থাকি। সোমবার বিকালে আমার ভাতিজি টেলিভিশন দেখার জন্য দুলালের ঘরে সে ধর্ষণ করে। পরে মেয়েটি চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে চলে আসে। সে সময় দুলাল ড্রাইভারের ঘরে কেউ ছিল না। রাতে আমার ভাবিকে মেয়ে সবকিছু বলে। মঙ্গলবার সকালে আমরা জোরারগঞ্জ থানায় গেলে সেখান থেকে পুলিশ আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য বলে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. বাঁধন দাশ বলেন, ‘মঙ্গলবার দুপুরে সাত বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে তার পরিবার নিয়ে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষা শেষে ধর্ষণের বিষয়ে বিস্তারিত বলা যাবে।’
জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ বলেন, ‘মঙ্গলবার সকালে ধর্ষণের অভিযোগ এক মেয়েশিশুকে থানায় আনা হয়েছিল। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে।’