চট্টগ্রামে গুলিবিদ্ধ যুবদলকর্মীর ১২ দিন পর মৃত্যু

চট্টগ্রামে ঈদ শুভেচ্ছার ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবদলকর্মী মো. জিহাদ (২৭) ১২ দিন পর মারা গেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

গত ২১ মার্চ রাত সোয়া ৮টার দিকে খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে দুই জন গুলিবিদ্ধ ও দুই জন ছুরিকাঘাতে আহত হন।

স্থানীয়রা জানিয়েছেন, ছাত্রদল নেতা শরীফুল ইসলাম তুহিনের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা শাহ আলমের অনুসারীদের ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পরপর খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহার করা হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় জিহাদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোরে মারা যান।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংঘর্ষে জিহাদের পায়ে গুলি লেগেছিল, পেটেও ছুরিকাঘাত করা হয়েছিল। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।'