দুর্ঘটনাকবলিত ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় একজন নিহত

রাজশাহীতে সড়কে পরপর দুটি ট্রাক দুর্ঘটনায় একজন হেলপার নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কের খিরশন টিকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর পৌনে দুই ঘণ্টা আগে একই স্থানে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

নিহত হেলপারের নাম সুমন হোসেন (২৬)। ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

রাজশাহীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন জানান, প্রথমে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে একটি পাথরবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলে সেটির চালক গুরুতর আহত হন। তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এর পৌনে দুই ঘণ্টা পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটির পেছনে আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান পেছনের ট্রাকটির হেলপার সুমন হোসেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি মাসুমা মোস্তারিন আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।