সাতক্ষীরায় বড়দের সঙ্গে ছোট বন্ধুদের স্বাধীনতা উৎসব

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা উৎসব।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘বড় বন্ধু’দের দল এই উৎসবের আয়োজন করে।

উৎসবে জাতীয় পতাকা পেয়ে আনন্দে মেতে উঠেছিল শিশু শিক্ষার্থীরা।

উৎসবে বরাবরের মতো এবারও ১২০ ছোট বন্ধুকে তিনটি করে খাতা ও দুটি করে কলম উপহার দেওয়া হয়।

আনন্দে উদ্বেলিত শিশুরা জাতীয় সংগীতের পর দেশাত্মবোধক সংগীতে মেতে ওঠে। হাত উঁচিয়ে নাড়াতে থাকে জাতীয় পতাকা। স্লোগান দিতে থাকে ২৬শে মার্চ....মহান স্বাধীনতা দিবস। ২৬শে মার্চ....মহান স্বাধীনতা দিবস।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী তুহিনুর রহমান, নাহিদ হাসান, নাইম খান চৌধুরী, বাহলুল করিম, মফিজুল ইসলাম, শামছুন্নাহার মুন্নী, নুরুল হুদা, অসীম রায়, শেখ তানজির আহমেদসহ আরও অনেকে।

উৎসবে অংশ নেওয়া শিশু মুস্তাকিন অনুভূতি ব্যক্ত করে বলে, এর আগে আমাকে কেউ জাতীয় পতাকা দেয়নি। আজ আমি খুব খুশি।

প্রসঙ্গত, বড় বন্ধুদের এই উদ্যোগে প্রথম থেকেই সহযোগিতা করছেন ডা. সুব্রত ঘোষ, পিটিআই ইন্সট্রাক্টর দেবাশীষ বসু শেখর, গবেষক শাহীন ইসলামসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি।

 

/টিএন/