কালরাতে নওগাঁয় আলোর মিছিল

 নওগায় আলোর মিছিলএকাত্তরের ২৫ মার্চ কালরাতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বাঙালিদের। সেই কালরাত স্মরণে নওগাঁয় বের করা হয় আলোর মিছিল।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের আয়োজনে শহরের মুক্তির মোড় শহীদ মিনার থেকে এই মিছিল শুরু হয়।
আলোর মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আবদুল মালেক। মিছিলে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর ও স্থানীয় মহলের শতাধিক সচেতন মানুষ অংশ নেন।
মিছিল শুরুর আগে শহীদ মিনারের বেদীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সৈয়দ আবুল মকসুদ বলেন, জাতীয় জীবনে সার্বিক আন্দোলন ও একাত্তরে গণযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনা ছিল বাংলাদেশ কোনও সাম্প্রদায়িক রাষ্ট্র হবে না। সেই লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখতে হবে বর্তমান প্রজন্মকেও।
আলোর মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তির মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
/এনএস/এমএসএম