রাবির রহমতুন্নেসা হলে স্বাধীনতা দিবসের খাবার নষ্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলে পরিবেশিত বিশেষ খাবার নষ্ট বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে হলের আবাসিক শিক্ষার্থীদের অনেকে খাবার খেতে না পেরে  ডাস্টবিনে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন।
হলের আবাসিক ছাত্রীদের অভিযোগ, স্বাধীনতা দিবস উপলক্ষে হলে মুরগির রোস্ট, ডিম, ডাল, সালাদ ও ভাত পরিবেশন করা হয়েছিলো। কিন্তু খাবারগুলোর মধ্যে ডাল পুরোপুরি দুর্গন্ধযুক্ত ছিল এবং মুরগির রোস্টও খাওয়ার অনুপোযোগী ছিল। অনেক শিক্ষার্থীই খাবার খেতে না পেরে তা ডাস্টবিনে ফেলে দিয়েছেন।
তারা আরও অভিযোগ করেন, বিষয়টি তারা হল প্রাধ্যক্ষকে জানালে তিনি নিজেও খেয়ে দেখেছেন এবং আমাদের বিষয়টি সমর্থন করেছেন। তবে তিনি কোন দায়িত্ব নেবেন না বলেও জানিয়েছেন।
এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মিলি জেসমিন বলেন, হ্যাঁ আমি নিজেও খেয়ে দেখেছি। ডাল একদম গন্ধ হয়ে গিয়েছিলো। তবে মুরগির রোস্টে কিছু হয়নি। আমি শিক্ষার্থীদেরকে ডাল বাদ দিয়ে বাকি খাবার খেতে বলেছি।
তিনি আরও বলেন, আসলে অনেক খাবার তৈরি করা হয়েছে তো। পলিথিনের প্যাকেটে ডাল আলাদা করে দেয়ার কারণে গন্ধ হয়ে গেছে। এটা আসলে আমাদের নিজেদের ভুল, গরমের সময় পলিথিনে ডাল দেওয়াটা ঠিক হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। তবে এগুলো একান্তই হল কতৃপক্ষের বিষয়। খাবার যেহেতু বাবুর্চিরা রান্না ও পরিবেশন করে তাই তাদেরও সমস্যা থাকতে পারে। তবে খাবার তৈরি ও পরিবেশনের ব্যাপারে হল প্রশাসনকে আরও বেশি যত্নবান হাবার আহবান করছি।
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ জাতীয় দিবসগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলেই খাবার পরিবেশন করা হয়ে থাকে।

 এসএস/এমএসএম