কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুকে ক্যান্টনমেন্টের ভেতরে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় রবিবারও কুমিল্লায় ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোর্টবাড়ী বিশ্বরোড এলাকায় এবং ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরেই দফায় দফায় বিক্ষোভ ও মানববন্ধন করে। এদিকে এ আন্দোলনে আজ রবিবার সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগ।
রবিবার সকাল ১০টার পর থেকে এসব মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।
তনুর খুনিদের বিচার দাবিতে রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী কোটবাড়ী বিশ্বরোড এলাকার নন্দনপুরে জড়ো হয়ে মানববন্ধন করে। এসময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।পরে তাদের সঙ্গে যোগ দেয় কয়েক হাজার শিক্ষার্থী। সরেজমিন দেখা গেছে, শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে- মিছিল করে সড়কে অবস্থান নিয়েছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
অন্যদিকে, ভিক্টোরিয়া কলেজের শত শত শিক্ষার্থী রবিবার ক্যাম্পাসের ভেতরেই দফায় দফায় বিক্ষোভ, মিছিল, মানববন্ধন করছে। এসব বিক্ষোভ কর্মসূচিতে সেনানিবাসের মতো সুরক্ষিত এলাকায় কিভাবে একটি মেয়ে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার শিকার হয় সে প্রশ্নই বার বার তুলে ধরছেন বক্তারা।ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনও এ হত্যাকাণ্ডের কোনও ক্লু উদঘাটন কিংবা হত্যাকারীকে চিহ্নিত ও গ্রেফতার করতে না পারায় ভীষণ ক্ষোভ প্রকাশ করেন ছাত্রনেতারা। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের এ কর্মসূচি গণ জাগরণ মঞ্চের রোড মার্চ কুমিল্লা শহরে না আসা পর্যন্ত অব্যাহত থাকবে।
আন্দোলনের আহ্বায়ক ভিক্টোরিয়া কলেজ থিয়েটার এর সভাপতি মো. রাশেদুল আলম জানান, আজ তাদের আন্দোলন ক্যাম্পাসের ভেতরেই থাকবে । গণ জাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারের নেতৃত্বে তনুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শুরু হওয়া রোড মার্চটি কুমিল্লা শহরে এলে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা কান্দিরপাড় পূবালী চত্বরে গিয়ে তাদের স্বাগত জানাবে বলেও জানান তিনি।
এদিকে এ ঘটনার বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি কাজী সায়েম বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একজন মেধাবী ছাত্রী সেনানিবাসের মতো নিরাপদ এলাকায় ধর্ষিত হয়ে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। আমরা এজন্য চরম ক্ষুব্ধ। অবশ্যই এ ঘটনায় দায়ীদের গ্রেফতার করে বিচার করতে হবে। আমি বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার পক্ষ থেকে এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করছি।
এদিকে সকাল থেকে বিভিন্ন সংগঠন তনু হত্যাকারীদের বিচার দাবিতে নগরীর কান্দিরপাড়ে মানববন্ধন করেছে। এছাড়া নগরীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ নগরীর পূবালী চত্বরে অবস্থান নিয়েছে। সেখানে প্রতিদিন বিভিন্ন সংগঠন বিক্ষোভ করতো।
নিহতের পরিবারের সূত্র জানায়, গত ২০মার্চ সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় সোহাগী জাহান তনুকে। ২১মার্চ নিহতের বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ৭ দিনেও কাউকে গ্রেফতার বা হত্যার রহস্য উদ্ধার করতে পারেনি পুলিশ।
/টিএন/