সিরিজ বোমা হামলা মামলার রায়

নাটোরে ৫ জেএমবি সদস্যের যাবজ্জীবন

আদালতসিরিজ বোমা হামলা মামলার রায়ে নাটোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ সংক্ষেপে জেএমবির পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ মার্চ) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার এ রায় ঘোষণা করেন। মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর বাঘমারার হামিরকুৎসা গ্রামের আব্দুল মতিন ওরফে ইসমাইল, গোদাগাড়ি এলাকার শিহাব উদ্দিন হানজালা, নওগাঁর কাজীরমোড় এলাকার হাফিজুর রহমান ওরফে হাফিজ, নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেন ওরফে মিঠু ও বগুড়ার গাবতলী এলাকার চকযাদু গ্রামের আব্দুর রশিদ ওরফে আসিফ।
বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন সাতক্ষীরার ইটাগাছা গ্রামের শফিউল্লাহ ওরফে তারেক এবং রাজশাহীর তানোর এলাকার চাঁদপুর গ্রামের শহিদুল্লাহ ওরফে ফারুক।
এ সময় রাষ্ট্রপক্ষে নাটোর জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও এপিপি অ্যাডভোকেট আব্দুল হাই উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোজাম্মেল হক মন্টু ও অ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরী।
এর আগে সাত আসামির মধ্যে ছয়জনকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। পর্যাপ্ত নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকার কাশিমপুর কারাগার থেকে শফিউল্লাহ ওরফে তারেককে হাজির করা হয়নি।

২০০৫ সালের ১৭ আগস্ট নাটোর শহরের জেলা প্রশাসক কার্যালয়সহ আটটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে বোমা হামলা চালায় জেএমবি সদস্যরা। এ ঘটনায় নাটোর সদর থানার এসআই  মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ৬৬ জনের মধ্যে ৪২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করে এই রায় ঘোষণা করলেন আদালত।

/বিটি/এফএস/