লোভাছড়া কোয়ারির পাথর পরিবহন ও স্থানান্তরে হাইকোর্টের নিষেধাজ্ঞা

সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারি থেকে সব ধরনের পাথর স্থানান্তর ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। মামলার পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, বাংলাদেশ খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) চিঠির মাধ্যমে স্থানীয় প্রশাসনকে এ আদেশের কথা জানিয়েছে।

জানা গেছে, এর আগে ২০২০ সালে লোভাছড়া কোয়ারি থেকে এক কোটি ৪ লাখ ঘনফুট পাথর জব্দ করে পরিবেশ অধিদফতর। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া শেষে বিএমডি ওই জব্দ করা পাথরের মধ্যে ৪৪ লাখ ঘনফুট নিলামের মাধ্যমে পিয়াস এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। নিলাম করা পাথর পরিবহনের জন্য প্রতিষ্ঠানটিকে ৪৫ দিনের সময়সীমা দেওয়া হলেও পরে আরও এক মাস বাড়ানো হয়। তবে চলমান মামলার সুযোগে লিজগ্রহীতার লোকজন জব্দ করা ৬১ লাখ ঘনফুট পাথরও লুট করে নেয়।

এ পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে পিয়াস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও সিলেট মহানগর ছাত্রদলের দফতর সম্পাদক কামরুল হাসান চৌধুরী হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে মঙ্গলবার খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর আবেদনের ভিত্তিতে হাইকোর্ট লোভাছড়া পাথর কোয়ারি থেকে সব ধরনের পাথর স্থানান্তর ও পরিবহন বন্ধের নির্দেশ দেন।