যুবদল নেতার কানের পর্দা ফাটানোর ঘটনায় অভিযুক্ত এসআই প্রত্যাহার

টাঙ্গাইলের গোপালপুরে যুবদল নেতাকে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটানোর ঘটনায় অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) রাসেলকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এসপি জানান, ঘটনাটি দুঃখজনক। মঙ্গলবার রাতেই অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) রাসেলকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনসে আনা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে গোপালপুর থানার ওসির কক্ষে স্থানীয় এক ব্যক্তির জমিসংক্রান্ত ঘটনা নিয়ে বিএনপি নেতাদের উপস্থিতিতে একটি বৈঠক বসে। সেখানে বাকবিতণ্ডার জেরে সেখান থেকে যুবদল নেতা আমিনুল ইসলাম ও এসআই রাসেলকে বের করে দেওয়া হয়। রাসেল অন্য একটি কক্ষে আমিনুলকে নিয়ে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেয় বলে অভিযোগ করেন। আহত অবস্থায় যুবদল নেতা আমিনুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত  চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আমিনুল ইসলাম উপজেলার আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

যুবদল নেতা আমিনুল ইসলাম বলেন, ‘আমি কানে শুনতে পাচ্ছি না। সিনিয়র নেতারা অনুমতি দিলে পুলিশের বিরুদ্ধে মামলা করবো।’