আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, এটার আরও উন্নতি হতে থাকবে।’ শুক্রবার (১০ অক্টোবর) বিকালে ঢাকার আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহার) অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘কঠিন চীবর দানোৎসব-২০২৫’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে এনসিপি নেতা নাহিদের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার প্রশ্ন আপনি করতে পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে।’ এ নিয়ে আর কোনও কথা বলতে রাজি হননি তিনি।

অন্যদিকে সম্প্রতি দুর্গাপূজা চলাকালীন অসুরের প্রতিমার মুখে দাড়ি লাগানোর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৭০০-এর ওপরে যারা এই দাড়ি লাগিয়েছে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আমরা জিডি করেছি। আইনের আওতায় আনার জন্য মামলা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখানে কিছু ফ্যাসিস্ট আছে। আবার ফ্যাসিস্টের সঙ্গে কিছু তথাকথিত ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়ালও আছে। তারাও কিন্তু এই জায়গায় ইন্ধন দেয়। তারা যেন ইন্ধনটা না দিতে পারে, এ জন্য সবাইকে আমাদের সহযোগিতা করতে হবে। যারাই এই অপকর্মটা করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

এর আগে প্রধান অতিথির বক্তব্যে বৌদ্ধ ধর্ম প্রচারক অতীশ দীপঙ্করের কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, অতীশ দীপঙ্করের স্মরণে তার জন্মস্থান মুন্সীগঞ্জ জেলায় একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে। এ জন্য ইতোমধ্যে ৩০ একর জমি খোঁজার জন্য সংশ্লিষ্ট ডিসিকে অনুরোধ জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু বিশ্ববিদ্যালয় না, সেখানে যেন অন্যান্য জ্ঞানচর্চা ও ধর্মীয় কাজও করা যায় সেই ব্যবস্থা করা হবে।’