চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ ৪২ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বুইস্যাকে গ্রেফতার করেছে র্যাব-৭। শনিবার (২০ ডিসেম্বর) রাতে নগরীর চান্দগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারের বিষয়টি রবিবার দুপুরে র্যাব-৭-এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়। এতে ব্রিফিং করেন র্যাব-৭-এর ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান।
গ্রেফতার শহীদুল ইসলাম বুইস্যা ভোলা জেলার দৌলতখান এলাকার মোহাম্মদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর এলাকায় বসবাস করে আসছিলেন তিনি।
র্যাব কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘র্যাব-৭-এর একটি দল চান্দগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বুইস্যাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার বুইস্যা স্বীকার করে, সে চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অস্ত্র ব্যবসা, ইয়াবাসহ মাদক কারবার এবং কিশোর গ্যাং ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীদের অপহরণ করে বহদ্দারহাট কাঁচাবাজার দিগন্ত খাজা টাওয়ার এলাকায় অবস্থিত তার আস্তানায় নিয়ে ‘টর্চার সেলে’ নির্যাতন করা হতো। সেখানে তার একটি গোপন নেটওয়ার্কও সক্রিয় ছিল। যার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির আগাম তথ্য পেতো সে।’
র্যাব জানিয়েছে, বুইস্যার বিরুদ্ধে চান্দগাঁও, পাঁচলাইশ ও চকবাজার থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা ও মাদক সংক্রান্ত ৪২টি মামলা রয়েছে।