অস্ত্র ও ককটেলসহ এক ব্যক্তি গ্রেফতার

যশোর বাঘারপাড়া থানাধীন জয়রামপুর এলাকা থেকে ১৪টি ককটেল বোমা ও দেশি অস্ত্রসহ জামাল সরদার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। সোমবার র‌্যাব-৬-এর মিডিয়া সেল থেকে এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বার্তায় জানানো হয়, র‍্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি দল রবিবার দিনগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদে জানতে পারে, যশোর জেলার বাঘারপাড়া থানাধীন জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকার জামাল সরদার তার বাড়িতে হাতবোমাসদৃশ ককটেলসহ বিস্ফোরক দ্রব্যাদি নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সংরক্ষণ করেছে।

রাত সাড়ে ১২টার দিকে ওই স্থানে অভিযান পরিচালনা করে আসামি জামালকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় জলিল সরদারের ছেলে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতার আসামির হেফাজত থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ১৪টি ককটেল বোমাসহ দেশি অস্ত্র (ধারালো কুড়াল ও ছুরি) উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামি জামাল সরদারের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ আলামত ও আসামিকে যশোর জেলার বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়।