ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দলীয় জেলা কার্যালয় থেকে রিকশায় চড়ে ডিসি অফিসে এসে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সব ধর্মের মানুষদের নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। অনেকেই বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা অতীতেও কোনও বিভেদ করিনি, সামনেও করবো না। নিজের ধর্মের প্রতি যেমন আমরা আনুগত্য প্রকাশ করি, ঠিক একইভাবে অন্যের ধর্মের প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে।’
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত গত ১৫ বছরে বিভাজনের রাজনীতি করা হয়েছে। বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা সেই জায়গা থেকে উঠে আসতে চাই। ন্যায়ের সঙ্গে সামনে আমাদের কাজ করতে হবে।
‘আমরা ২৪-এর আন্দোলনে অনেক তাজা প্রাণ হারিয়েছি। এই যে এত যুদ্ধ, শুধু একটি সুন্দর সমাজের জন্য। দুর্নীতিকে বাদ দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সিদ্ধান্ত নিতে হবে সত্যিকার অর্থে উদারপন্থি একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করার। যেখানে নারী-পুরুষ সবার সমমর্যাদা থাকবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলে যেন আমরা সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারি।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অনেকে।