মোংলায় মঙ্গলবার (৬ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো চলছে সুন্দরবনের পর্যটনবাহী জালিবোট, লঞ্চ ও ট্রলার মালিকদের ধর্মঘট। এ ধর্মঘটের আওতায় রয়েছে ছোট-বড় মিলিয়ে আনুমানিক চারশত নৌযান। পর্যটনবাহী এসব নৌযান ধর্মঘটে সুন্দরবন পর্যটকশূন্য হয়ে পড়েছে।
দূরদূরান্ত থেকে মোংলার পিকনিক কর্নারে আসা পর্যটকদের হতাশা নিয়ে ফিরে যেতে হচ্ছে। মূলত নৌপরিবহন অধিদফতরের (খুলনা) কর্মকর্তা-কর্মচারীরা গত রবিবার মোংলার ফেরিঘাট এলাকায় থাকা অন্তত ৩০টি জালিবোটের উপরের অংশের অবকাঠামো কেটে ও ভেঙে সেসব মালামাল নিয়ে যায়। এতে বোটের সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের স্বাচ্ছন্দ্যে বসার পরিবেশ নষ্ট হয়। তাই ক্ষতিগ্রস্ত বোট মালিকরা নৌপরিবহন অধিদফতরের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে সোমবার থেকে ধর্মঘটের ডাক দেয়।
পর্যটনবাহী নৌযান মালিকরা বলছেন, নৌপরিবহন অধিদফতরের ডিজি (শিপিং) তাদের নানা শর্তের জালে ফেলে অহেতুক হয়রানি করছেন। ছোট ছোট এসব নৌযান তার আওতার বাইরে। লাইসেন্সের অজুহাত দেখিয়ে এসব নৌযান ডিজি (শিপিং) নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বোট মালিকদের নানাভাবে চাপ প্রয়োগ করছেন। লাইসেন্সসহ নানা শর্ত মানা বোট মালিকদের পক্ষে সম্ভব নয়। কারণ পুরো বছরে মাত্র তিন মাস পর্যটন মৌসুম। বাকি সময় অলস বসে থাকতে হয়। তাই ৩০-৪০ হাজার টাকা দিয়ে ডিজির বেআইনি শর্ত পূরণ সম্ভব নয়।