নির্বাচনি হলফনামায় ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই আসনে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক। মিন্টুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করতে নির্বাচন কমিশনে আপিল করেছেন জামায়াত প্রার্থী।
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে আপিল করেন ডা. ফখরুদ্দিন মানিকের আইনজীবীরা।
আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় এই আপিলে ফেনীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হককেও বিবাদী করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেরিয়ে গণমাধ্যমকে এই তথ্য জানান ড. ফখরুদ্দিন মানিকের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া।
আপিল আবেদনে জানানো হয়, আব্দুল আউয়াল মিন্টুর মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব রয়েছে। কিন্তু হলফনামায় তিনি সেই তথ্য গোপন করেছেন। হলফনামায় মিন্টু দাবি করেছেন, ৯ ডিসেম্বর তিনি তার মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। যদিও তার সপক্ষে কোনও তথ্য দেননি। কিন্তু গত ৪ ডিসেম্বর মার্কিন পাসপোর্ট ব্যবহার করে আব্দুল আউয়াল মিন্টু থাইল্যান্ডে গেছেন। ১৫ ডিসেম্বর থাইল্যান্ড থেকে ফিরেছেনও মার্কিন পাসপোর্ট ব্যবহার করে। ৯ ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব বাতিল করে থাকলে এটা সম্ভব ছিল না।
আপিলে আরও জানানো হয়, হলফনামায় বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু তার বিরুদ্ধে থাকা মামলার তথ্যও গোপন করেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী এ কারণে তার প্রার্থিতা বাতিল হতে পারে।