চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আইন বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদকে ভর্তি পরীক্ষা চলাকালে প্রকাশ্যে হেনস্তা এবং প্রক্টর অফিসে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। সংগঠনটি জানিয়েছে, কোনোভাবেই ‘মব জাস্টিস’ মেনে নেওয়া হবে না।
রবিবার (১১ জানুয়ারি) সংগঠনটির সভাপতি অধ্যাপক শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে ফোরামটি বলে, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষককে অপমান এবং শারীরিকভাবে হেনস্তা করা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য অশনিসংকেত। ভিন্নমত বা অতীত ভূমিকা নিয়ে বিতর্ক থাকলেও তার বিচার হবে আইন ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে। কোনোভাবেই ‘মব জাস্টিস’ দিয়ে নয়।
বিবৃতিতে দাবি করা হয়, সাম্প্রতিক সময়ে কিছু ছাত্র সংগঠনের তৎপরতায় ক্যাম্পাসে মব কালচার ও শিক্ষক নিপীড়নের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও গবেষণা পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ফোরামটি শিক্ষক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার বিষয়টিও তুলে ধরে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রোধে সব ক্যাম্পাসে কঠোর মববিরোধী নীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
আরও খবর: ৯ ঘণ্টা পর ছাড়া পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক