নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা সভাপতি শাহিন শেখকে গ্রেফতার করা হয়েছে। দেশ ছেড়ে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা পৌনে ৩টায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শাহিন শেখকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেফতার করা হয়।
শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে। ২০২২ সালের মার্চে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার নামে চব্বিশের জুলাই আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।