বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কী করবে সবাই বুঝে গেছে। যারা বলছেন, অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন– তাদের ৭১ সালে দেশের মানুষ দেখেছেন।’
বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, ‘জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নবী করিম (সা.)-এর মতো ন্যায়পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করবে বিএনপি।’
বেকারদের কর্মসংস্থান ও কৃষির উন্নয়নের কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘মা-বোনদের আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। ১২ তারিখে ধানের শীষকে জয়যুক্ত করলে খাল খনন করা হবে। আমরা আবার খাল খনন কর্মসূচি করতে চাই।’
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ১১টায় জনসভাস্থলের উদ্দেশে রওনা হন। ২১ বছর পর তারেক রহমানের এই আগমন ঘিরে সিলেটে বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।