আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৩১ জানুয়ারির মধ্যে খুলনায় লাইসেন্সধারী সব অস্ত্র জমা দিতে বলা হয়েছে। শুক্রবার খুলনা জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খোন্দকার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য আগামী ৩১ জানুয়ারির মধ্যে স্থগিতকৃত/লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লাইসেন্সধারীর ঠিকানায় (স্থায়ী/বর্তমান) নিকটস্থ থানায় বা বৈধ ডিলারের কাছে লাইসেন্স গ্রহীতা নিজে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে হবে। তবে এই আদেশ আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পৃক্ত সব বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি, আধা সরকারি, বেসরকারি দফতর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান ও স্থাপনায় নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা ২০২৫’ অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত নির্দেশনা প্রযোজ্য হবে না।
আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তির আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে।
এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই আদেশে ‘শৃঙ্খলা বাহিনী’ বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫২-এ বর্ণিত শৃঙ্খলা বাহিনীকে বোঝাবে।