নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছেন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় হাতিয়ার নলছিরা ফেরিঘাটে পূর্বঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচিতে এ হামলার ঘটনা ঘটে। এতে এনসিপি ও জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্বঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচি উপলক্ষে ফেরি দেখতে জড়ো হন স্থানীয় এনসিপি, জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় ফেরি আনার পেছনে হান্নান মাসউদের অবদান উল্লেখ করে শাপলা কলির পক্ষে স্লোগান দেন এনসিপি নেতাকর্মীরা। তাৎক্ষণিক পাল্টা স্লোগান দিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলা শেষে বিএনপি সমর্থিত একজন আগ্নেয়াস্ত্র দিয়ে মহড়া দেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীম হাতিয়াতে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাচ্ছেন। আমরা এ হামলায় জড়িতদের গ্রেফতার করার আগ পর্যন্ত থানা ঘেরাও কর্মসূচি চালিয়ে যাবো।’
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ঘটনার বিষয় বিস্তারিত আমরা খোঁজখবর নিচ্ছি। কোনও ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা সেই ব্যাপারে সতর্ক আছি।’