স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে।’
সোমবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে প্রশাসন ও সরকারি বাহিনী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে, এতে কোনও সন্দেহ নেই। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে এক লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নৌবাহিনী, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, ৫ হাজার কোস্ট গার্ড ও ৬ লাখ আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘উপকূলীয় এলাকায় কোস্টগার্ড এবং নৌবাহিনীর সংখ্যা আগের থেকে বাড়ানো হয়েছে। এবার নির্বাচনে বিএনসিসিও নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি বডি ক্যামেরা রাখা হয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না। সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে।’
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।