ফরিদপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৫২ কারাবন্দি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে ১৭ হাজার ৯শ ৮৮ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। তাদের মধ্যে কারাবন্দি ৫২ জন এবং কারাগারের ১৩ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে ফরিদপুর জেলা কারাগারে মোট ১২শ ৪৪ জন বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৫১ জন নারী বন্দি। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহ প্রকাশ করা ৫২ বন্দির মধ্যে ১০ জন হাজতি এবং ৪২ জন সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন। তাদের মধ্যে সাজাপ্রাপ্ত দুই জন নারী বন্দি রয়েছেন।

জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের ঘোষণার পর হাজতি ও কয়েদিদের ভোট দিতে উদ্বুদ্ধ করা হয়। এর ধারাবাহিকতায় আগ্রহী বন্দিদের কাছ থেকে আবেদনপত্র নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহণের জন্য কারা অভ্যন্তরে কয়েদিদের জন্য দুটি এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বুথ স্থাপনের প্রস্তুতিও চলছে।

ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান মোল্লা বলেন, ‘জেলায় মোট ১৭ হাজার ৯শ ৮৮ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যেই আমরা এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো পোস্টাল ভোটে অংশ নেবেন ভোটাররা।’