নীলফামারীর সৈয়দপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে নারায়ণগঞ্জ পিবিআইয়ের একটি দল। সৈয়দ থানার ওসি রেজাউল করিম রেজা জানান, মঙ্গলবার দুপুরে শহীদ জিকরুল হক রোডে এ ঘটনার সময় আসামি পালিয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘ফতুল্লা থানার প্রতারণার এক মামলার আসামি মহসিন আলী মন্টুকে গ্রেফতারে পিবিআইয়ের একটি দল নারায়ণগঞ্জ থেকে সৈয়দপুরে আসে। জিকরুল হক রোডে মহসিনকে মাইক্রোবাসে তোলার সময় তিনি “ভুয়া ডিবি পুলিশ” বলে চিৎকার করে আশেপাশের লোকজনের সাহায্য চান।’
একপর্যায়ে সেখানে আশপাশের লোকজন জড়ো হয়ে ‘মব’ তৈরি করে। এ সময় পিবিআই সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়। হামলার একপর্যায়ে আসামি মহসিন আলী পালিয়ে যান।
মহসিন আলী মন্টু সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার বাসিন্দা। সৈয়দপুর শহরের খালেদ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, ‘আমাদের একটি টিম প্রতারণা মামলার আসামি ধরতে গিয়ে সৈয়দপুরে মবের শিকার হয়। আসামি মব সৃষ্টি করে পালিয়ে যায়। পরে স্থানীয় পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।’
ওসি বলেন, ‘হামলায় আহত পিবিআই টিমের দুই সদস্যকে সৈয়দপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে সৈয়দপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।’