লোহাগাড়ায় ‘সন্ত্রাসী’ কালা বাবুল গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা এলাকায় র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সন্ত্রাসী বাবুল হোসেন ওরফে কালা বাবুলকে (৪০) অস্ত্র এবং গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, লোহাগাড়া থানাধীন বড়হাতিয়া ইউনিয়নের জঙ্গল বড়হাতিয়া নতুন পাড়া এলাকায় নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছিল কুখ্যাত সন্ত্রাসী বাবুল হোসেন ওরফে কালা বাবুল। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রাম সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

অভিযানের সময় বাবুলের হেফাজত থেকে একটি কাঠের বাটযুক্ত দেশে তৈরি একনলা বন্দুক, দুটি ১২ বোর শটগানের লিডবল কার্তুজসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামি ও জব্দ অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।