ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও পটুয়াখালী-৪ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী রবিউল হাসান। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কলাপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এ সময় বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণধিকার পরিষদ এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই সময় এবিএম মোশাররফ হোসেনকে ৫০০ নেতাকর্মী নিয়ে পূর্ণ সমর্থন জানান দল থেকে বহিষ্কৃত ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলার সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান।
সংবাদ সম্মেলনে রবিউল হাসান জানান, পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে তিনি সরে দাঁড়িয়েছেন। এ সময় তিনি ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে, আগামী দিনে জাতীয়তাবাদী দলের যে ঐক্য দরকার, রবিউল হাসান সেটার প্রতিফলন ঘটিয়েছেন বলে জানিয়েছেন এবিএম মোশাররফ হোসেন। তিনি দুই নেতাকে সাধুবাদ জানিয়ে সব নেতাকর্মীকে তাদের সঙ্গে কাজ করার অনুরোধ জানান।