যশোরের শার্শা থানার কায়বা সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে কায়বা বিওপির একটি টহল দল কায়বা গ্রামের দাদখালী এলাকায় পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। সে সময় ভারত থেকে ইছামতি নদী পার হয়ে কায়বার দিকে এক ব্যক্তিকে আসতে দেখে টহল দল থামতে বলে। ওই ব্যক্তি না থেমে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দেয় এবং নদী সাঁতরে ভারতে পালিয়ে যায়।
পরে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম পিস্তল (চায়না), একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের মাধ্যমে সেগুলো শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।