ফুল আর মিষ্টি নিয়ে বিএনপির বিজয়ী প্রার্থী গেলেন জামায়াত প্রার্থীর বাড়িতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিজয়ী বিএনপি প্রার্থী নুরুল আমিন মিষ্টি ও ফুল নিয়ে ছুটে গেলেন পরাজিত জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের বাড়িতে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে বিএনপি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে উপজেলার মিঠানালা ইউনিয়নে জামায়াত প্রার্থীর বাড়িতে যান তিনি।

এ সময় সাইফুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নুরুল আমিন এবং কোলাকুলি করেন। পরে একে অপরকে মিষ্টিমুখ করান।

জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, ‘বিএনপির বিজয়ী প্রার্থী নুরুল আমিন ভাই আমার বাড়িতে আসায় খুব খুশি হয়েছি। এর আগে আমি তাকে ভোটের ফলাফল পেয়ে শুভেচ্ছা জানিয়েছি। আমি চাই, আমরা মিলেমিশে একটি আলোকিত মীরসরাই গড়বো। আশা করি, নতুন এমপি হানাহানি, সন্ত্রাস, নৈরাজ্য এগুলো কঠোর হস্তে দমন করবেন। যদি মীরসরাইয়ের কোনও উন্নয়নমূলক কাজে আমার সহযোগিতা প্রয়োজন হয়, সর্বাত্মক সহযোগিতা করবো। নির্বাচনে দেওয়া আমার ইশতেহার আমি আনুষ্ঠানিকভাকে নুরুল আমিন ভাইয়ের হাতে তুলে দেবো। যাতে তিনি উন্নয়ন পরিকল্পনায় সেটিও অন্তর্ভুক্ত করতে পারেন।’

বিজয়ী প্রার্থী নুরুল আমিন বলেন, ‘নির্বাচন আসলে একটি প্রীতি ম্যাচের মতো। আমরা পরস্পর একে অপরকে ভাই ভাই মনে করি। বিএনপি-জামায়াত আমরা দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি। আমার অভিজ্ঞতা আছে, আমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে, উপজেলা পরিষদ নির্বাচনে সাইফুর রহমান ভাইসহ সবাই আমার সঙ্গে ছিলেন। এই দৃষ্টিকোণ থেকে আমরা এক জায়গারই মানুষ। গণতন্ত্র রক্ষার স্বার্থে, দেশে স্থিতিশীলতার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা গণতন্ত্রের জন্য ১৮ বছর একসঙ্গে লড়াই করেছি। সে লড়াইয়ে ফ্যাসিস্টরা হেরেছে। নির্বাচনে আমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেছি। আমরা একে অপরের সহযোগিতা নিয়ে একটি সুন্দর মীরসরাই গড়ে তুলবো।’

এ সময় উপস্থিত ছিলেন– মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মীরসরাই উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ, ঢাকার মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আইয়ুব খানসহ নেতৃবৃন্দ।