খুলনায় আবারও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম আয়নুল হোসেন (৩২)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর লবণচরা থানার বান্দাবাজারের রহমানিয়া গলির সামনে ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ যুবক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লবণচরা ভূতের আড্ডা পার্ক এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়নুল বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাকে পরপর দুটি গুলি করে দুর্বৃত্তরা। দুটি গুলি তার ডান পায়ের হাঁটুতে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
লবণচরা থানার এসআই খালিদ হাসান বলেন, গুলিবিদ্ধ আয়নুলের শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। গুলিতে আহত যুবকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
এর আগে ১৭ ফেব্রুয়ারি দিনগত রাত পৌনে ১২টার দিকে মহানগরীর মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে সোহেল (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।