বাসের ধাক্কায় নিহত গৃহবধূর মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী গৃহবধূর মৃত্যু এবং পরিবারে তিন সদস্যসহ চার জনের আহতের ঘটনায় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার সকালে নিহতের মরদেহ রেখে বেতগাড়ি লিচুতলা বাইপাস মোড়ে মহাসড়ক অবরোধ করেন।

এ সময় মহাসড়কের উভয়পাশে বিপুলসংখ্যক যানবাহন আটক পড়লে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস বেতগাড়ি এলাকায় ইজিবাইকের পেছনে বাস ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালকসহ চার জন গুরুতর আহত হন। আহত একই পরিবারের তিন জনের মধ্যে গৃহবধূ চামেলি খাতুন (৩৫) বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে মারা যান। তার দু বছরের শিশু সোয়াদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শিশুটির ডান পা কাটতে হয়েছে। অপর শিশুকন্যা নেহা এবং ইজিবাইক চালক সেলিম চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, চামেলির মৃত্যুর খবর প্রচার হলে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার বেলা পৌনে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ি লিচুতলা বাইপাস মোড়ে লাশ রেখে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে জনতা বেতগাড়ি বাইপাস মোড়ে ফ্লাইওভার নির্মাণের দাবি জানান। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে সার্বিক সহযোগিতার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ঘটনাস্থলে আসেন। তিনি এ ব্যাপারে জেলা প্রশাসক, সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। সংসদ সদস্য মোশারফ নিহতের শিশুসন্তান সোয়াদের চিকিৎসা সহায়তায় ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করার আশ্বাস দেন। পরে বিক্ষুব্ধ জনতা বেলা পৌনে ১১টার দিকে লাশ সরিয়ে নিয়ে অবরোধ প্রত্যাহার করেন।

এলাকাবাসীরা জানান, শাজাহানপুরের বেতগাড়ি বাইপাস মোড় দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। যথাযথ অবকাঠামোগত ব্যবস্থা ও নিয়ন্ত্রণ না থাকায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে পুনরায় কঠোর কর্মসূচি দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ ব্যাপারে বগুড়া হাইওয়ে পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান সাংবাদিকদের বলেন, ‘স্থানীয়রা ওই এলাকায় ওভারপাস নির্মাণের দাবি জানিয়েছেন। আমরা এ ব্যাপারে আলোচনা করবো। দুর্ঘটনা রোধে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে হবে। মহাসড়ক দিয়ে অটোরিকশা চলাচল বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।’